প্রচ্ছদ অপরাধ ও বিচার প্রকাশ্যে বিএনপি নেতাকে হত্যা, নেপথ্যে যে কারণ

প্রকাশ্যে বিএনপি নেতাকে হত্যা, নেপথ্যে যে কারণ

রাজধানীর মগবাজারে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রিয়াজুল ইসলাম ও আল আমিন মাহিন নামে দুজনকে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকা থেকে আটক করে রমনা থানা পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া এন এম নাসিরুদ্দীন এসব তথ্য জানান।

প্রাথমিকভাবে তদন্তের বরাতে পুলিশ জানায়, স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গ্রেপ্তার রিয়াজ এবং আল আমিন নামে দুজনের রাজনৈতিক পরিচয় গুরুত্ব দেয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

এন এম নাসিরুদ্দীন আরও জানান, এ ঘটনায় আরও যারা জড়িত, তাদেরও আটকের কাজ চলছে।

রমনা জোনের ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, মৌচাকে বিএনপি নেতা বিল্লাল হোসেন তালুকদার খুনের ঘটনায় রমনা থানায় পরিবার বাদি হয়ে মামলা করেছে। ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আল আমিন ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক। আর গ্রেপ্তার রিয়াজুল ঐ ওয়ার্ডের যুবদল কর্মী।

প্রসঙ্গত, গতকাল রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল। এ ঘটনার পর রাতেই যুবদলের দিদারুল ইসলাম সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।