প্রচ্ছদ জাতীয় ফ্ল্যাটে বৃদ্ধার ম’রদেহ উদ্ধার, চার সন্তানকে আইনি নোটিশ

ফ্ল্যাটে বৃদ্ধার ম’রদেহ উদ্ধার, চার সন্তানকে আইনি নোটিশ

রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে নূরজাহান বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তার চার সন্তানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। দীর্ঘ সময় নিঃসঙ্গ অবস্থায় থাকার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।

আগামী সাত দিনের মধ্যে এই মৃত্যুর বিষয়ে সন্তানদের কারণ দর্শাতে বলা হয়েছে।

বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এই নোটিশ পাঠান। নোটিশে ওই বৃদ্ধার চিকিৎসা ও সার্বিক দেখভালে সন্তানদের ভূমিকা কী ছিল, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

আইনি নোটিশ পাওয়া চার সন্তান হলেন খুলনা সমুদ্রবন্দরের যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এ কে এম আশিকুর রহমান, কানাডা প্রবাসী কে এম আতিকুর রহমান এবং স্কুলশিক্ষিকা ফাতিমা নাসরিন সুলতানা।

নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা গেছে, মিরপুর-৬ নম্বরের একটি ফ্ল্যাটে দীর্ঘ সময় নিঃসঙ্গ অবস্থায় থাকার পর নূরজাহান বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় সাত দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। একাধিক প্রতিষ্ঠিত সন্তান জীবিত থাকা সত্ত্বেও এই বৃদ্ধা প্রয়োজনীয় দেখভাল ও মানবিক সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন, যা ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের চরম লঙ্ঘন। একজন মায়ের মৃত্যুর পরও দীর্ঘ সময় তার মরদেহ এভাবে পড়ে থাকা সভ্য সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক।

নোটিশে আরো উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যে ওই বৃদ্ধার চিকিৎসা, পরিচর্যা ও সার্বিক তত্ত্বাবধানে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং মৃত্যুর পূর্বে সন্তানদের ভূমিকা কী ছিল, সে বিষয়ে সন্তোষজনক কারণ দর্শাতে হবে। অন্যথায় প্রবীণ নাগরিকের অধিকার সুরক্ষায় মানবাধিকার কমিশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও উচ্চ আদালতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।