প্রচ্ছদ জাতীয় পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির উপজাতিবিষয়ক সহসম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান।

তিনি দাবি করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন সুপারিশকে কেন্দ্র করেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মনীষ দেওয়ান এ দাবি করেন।

পোস্টে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে সত্য প্রকাশ করা জরুরি। তার ভাষ্য অনুযায়ী, আসন্ন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে তাকে মনোনয়নের জন্য সুপারিশ করেছিলেন মন্ত্রী দীপেন দেওয়ান। আর এ কারণেই তিনি মন্ত্রিত্ব হারিয়েছেন বলে দাবি করেন মনীষ দেওয়ান।

ফেসবুক পোস্টে তিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী এবং কেন্দ্রীয় বিএনপির উপজাতিবিষয়ক সহসম্পাদক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপুকে চেয়ারম্যান পদে দেখতে চেয়েছিলেন।

মনীষ দেওয়ান তার পোস্টে আরও অভিযোগ করেন, সুপারিশকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে পূর্ণমন্ত্রী দীপেন দেওয়ান পরাজিত হয়েছেন। তাকে তার ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগপত্র আদায় করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান সোমবার (১ জুন) পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তার পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা চলছে।