প্রচ্ছদ জাতীয় সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। কঠিন সময়ে হেসেখেলে চললে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের অনেক বড় ক্ষতি হবে।

রবিবার (৩১ মে) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে (কেআইবি) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, জিয়াউর রহমান ধীরে ধীরে পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়েছিলেন। জিয়াউর রহমানের নামে বিদেশের মানুষ বাংলাদেশকে চিনতো। কঠোর পরিশ্রম, সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ জিয়া যেভাবে দেশ এগিয়ে নিতে চেয়েছিলেন আমরা চেষ্টা করছি সেভাবে দেশ পরিচালনা করতে। সরকার তখনই সফল হবে যখন দলের লোকজন সরকারকে সহযোগিতা করবে। শুধু সরকারের মন্ত্রীরা পরিশ্রম করলেই সফলতা আসবে না। এক্ষেত্রে সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকা রাখা প্রয়োজন। যেভাবে নির্বাচনে সহযোগিতা করে জয় এসেছে, তেমনি সহযোগিতা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে একটি বিধ্বংস্ত অবস্থায় দায়িত্ব নিয়েছে গত ১৭ বছর বাংলাদেশে কী চলেছে সবাই তা জানে। এই সময়ে বিচার, শিক্ষা, স্বাস্থ্যসহ গণতন্ত্রকে হত্যা করা হয়েছে জাতি তার সাক্ষী। অনেকটা একই রকম পরিস্থিতির মধ্যে এই বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ইশতেহার ছিল বিএনপির।, এখন সেটি জনগণের। যারা এটির পক্ষে রায় দিয়েছে তাদের আশা-ভরসা পূরণ করতে হবে। বিএনপি সরকার জিয়াউর রহমানের দর্শন থেকেই দেশ পরিচালনা করছে এবং করবে। আর ইশতেহারেও সেই ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। আমরা মনে করি— জনগণের দৃষ্টিতে সফল হতে হলে সর্বস্তরের নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে কাজ করতে হবে।