প্রচ্ছদ জাতীয় আগামীতে জামায়াতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ

আগামীতে জামায়াতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ

আগামীতে জামায়াতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে, আর জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানে আগামীতে যারা ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতেই জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

রবিবার (৩১ মে) সকালে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় উপনেতা এসব কথা বলেন।

চৌদ্দগ্রামের মৌলিক সমস্যা হলো কিশোর গ্যাং ও মাদক কারবার উল্লেখ করে জামায়াতের নায়েবে আমির বলেন, সমাজে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বেশি না, বরং ভালো মানুষের সংখ্যাই বেশি। কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ধরার জন্য আপনারা ঘর থেকে বের হবেন কিনা? বের হলে, সমাজ থেকে অপরাধ কমে যাবে। তাদেরকে আর ছাড় নয়। আপনাদেরকে সঙ্গে নিয়ে এ চৌদ্দগ্রামকে মাদক-সন্ত্রাস মুক্ত ও কিশোর গ্যাংমুক্ত করা হবে ইনশাআল্লাহ।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, অন্তবর্তী সরকার থাকাকালীন এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছিলাম। নির্বাচন অতিবাহিত হয়েছে মাত্র তিন মাস। এরই মধ্যে এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি।

তিনি প্রশ্ন রেখে বলেন, সবেমাত্র সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। যদি বিএনপি সরকার পাঁচ বছর ক্ষমতায় টিকে যায়, তাহলে এই বরাদ্দ আরও কয়েকগুন বৃদ্ধি পাবে।

ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মু. জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মু. শাহাব উদ্দিন।