
পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলা হয়েছে। হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তবে ভিডিওটি কখন করা, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময় রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে এ বিষয়ে আকতার হোসেন এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।
ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পার্কে হাঁটার সময় হঠাৎ এক যুবক এসে তার ওপর ডিম নিক্ষেপ করেন আক্তার হোসেনের ওপর। কিছুক্ষণ পর আরও দুই যুবক একই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আকতারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে আকতার দৌড়ে ওই জায়গা থেকে সরে যান।
এ ঘটনায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে একটা বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তাঁর ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’











































