
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-এর আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীদের মুহুর্মুহু গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।
রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি জানান, সদ্য প্রতিষ্ঠিত র্যাব ক্যাম্পকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
র্যাবের দাবি, এই হামলার সঙ্গে জড়িত রয়েছে ইয়াসিন বাহিনী। যৌথ বাহিনীর সাম্প্রতিক অভিযানে জঙ্গল সলিমপুর থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযানে অংশ নেওয়া র্যাবের এক কর্মকর্তা জানান, রাত ৩টার দিকে যৌথ বাহিনী পুরো জঙ্গল সলিমপুর এলাকা ঘিরে ফেলে এবং সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করে।
দীর্ঘ প্রায় তিন দশক ধরে জঙ্গল সলিমপুর এলাকাটি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। তারা পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার পাশাপাশি সেখানে অস্ত্র ও মাদকের সাম্রাজ্য গড়ে তোলে। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে এলাকাটির নিয়ন্ত্রণ ফিরে পায় প্রশাসন। সরকার সেখানে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে।












































