
ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। এতে ছাত্রদলের আট নেতাকে আসামি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানার ঘেরাও করে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা বাদী হয়ে আটজনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান।
মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ আটজনকে আসামি করা হয়।
এজাহারে করা হয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।
হামলায় নাসীরুদ্দীন পাটওয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ বেশ কয়েকজন আহত হন বলে মামলায় বলা হয়েছে।
এ ছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়েরও অভিযোগ আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে; যার আনুমানিক মূল্য এক লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়।
হামলার সময় স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে চলে যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
রাতে মামলার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার প্রধান গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতারা। এক পর্যায়ে থানার গেইট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাইরে থেকে ইটপাটকেল ছুড়তে থাকেন।
পরে জেলা বিএনপির নেতারা বিক্ষোভকারীদের শান্ত করে থানার সামনে থেকে সরিয়ে নিলে পুলিশ পাহারায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপি নেতাদের নিরাপদে বের করে দেওয়া হয়।
ওসি আসাদউজ্জামান বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এনসিপি নেতাকর্মীরা ঝিনাইদহ থেকে ঢাকায় রওনা হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
সূত্র : news24bd










































