
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সব পদে বিএনপিপন্থি আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা বাধার মুখে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা এনে তারা নির্বাচন বর্জন করেন।
এর ফলে সমিতির সভাপতি পদে আইনজীবী ঐক্য পরিষদের তারিক আহমদ ও সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি সেলিমা খানম, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক সরোয়ার হোসাইন লাভলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক লোকমান শাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জানা গেছে, সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সহ-সভাপতি পদে আইনজীবী ঐক্য ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১ হাজার ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদেও ঐক্য ফোরাম ও ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের মোট ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ফোরামের ১১ বিজয়ী সদস্য হলেন- আলী আকবর, দিদারুল আলম, দিলদার আহমেদ ভূঁইয়া, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোকতার উদ্দিন, মোমেনুল হক, সাদিয়া খান, সাইফুল ইসলাম ও শেখ মো. ফয়সাল উদ্দিন। বিজয়ী সবাই বিএনপি সমর্থিত।
জামায়াত সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করলেও ব্যালটে তাদের নাম থেকে যাওয়ায় ভোট পড়ে।
মুখ্য নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম বলেন, বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা পূর্ণ প্যানেলে ২১টি পদের সবটিতে বিজয়ী হয়েছেন। ১টি সহ-সভাপতি ও ১১টি সদস্য পদে ভোট হয়েছে। সমিতিতে এবার ভোটার হয়েছেন ৪ হাজার ৫০০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ হাজার ১৬০ সদস্য।











































