প্রচ্ছদ জাতীয় অবশেষে শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ঘোষণা

অবশেষে শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ের ছুটির ঘোষণা

শিক্ষকদের অসন্তোষ ও সমালোচনার মুখে অবশেষে শনিবার (২৩ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরুর ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফলে বৃহস্পতিবারের (২১ মে) পর প্রাথমিক বিদ্যালয়ে আর কোনো কর্মদিবস থাকছে না। রোববার (২৪ মে) ছুটি শুরুর আগে শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) ছুটি পাচ্ছে প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ মে) রাত পৌনে ৯টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। অর্থাৎ, শুক্রবার (২২ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের সই করা এক আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মের স্মারক মোতাবেক ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত বন্ধ থাকবে।

আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ চিঠির পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা শনিবার স্কুল খোলা রাখার নির্দেশনা দেন। কোনো কোনো জেলা থেকে এটি শুধু অফিসের জন্য কার্যকর উল্লেখ করে বিদ্যালয় খোলা না রাখার কথা জানান।

এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরাও অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে অবশেষে শনিবারও ছুটি ঘোষণা করলো মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী— দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার ৫৬৯টি। এতে শিক্ষক হিসেবে কর্মরত তিন লাখ ৮৪ হাজার ৯৮১ জন। বিদ্যালয়গুলোতে পড়ালেখা করছে কোমলমতি প্রায় এক কোটি শিক্ষার্থী।