
ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন শর্ত দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ভারতের নাগরিকত্বের আবেদন করতে হলে আবেদনকারীকে নিজের দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে এবং এ বিষয়ে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদের তথ্য দিতে হবে। পাশাপাশি লিখিতভাবে জানাতে হবে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি নিজের পাসপোর্ট ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।
সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, নাগরিকত্ব আবেদনকারীর কাছে নিজের দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা যাবে না।
ভারত সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে। এটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) চালু করে। এই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়। এবার সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নাগরিকত্ব বিধিতে নতুন সংশোধন আনা হলো।













































