
হবিগঞ্জ সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলার শরীফপুর ও সুলতানশী গ্রামে এই সংঘর্ষ ঘটে।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং শরীফপুর গ্রামের ফারুক মিয়ার কন্যার মধ্যে শিশুদের মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে তা দুই গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন–এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে পুলিশসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুরুতর আহত অবস্থায় দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজ (৪৫)সহ ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।













































