
ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।
বুধবার (২০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত সব ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
ওই চিঠিতে আরও বলা হয়, গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রীর সভাপতিত্বে এক সভা হয়।
সেখানে ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে যানবাহন নিয়ে সিদ্ধান্ত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগের ৩দিন ও পরের ৩ দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না। তবে পশুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমুহ এর আওতামুক্ত থাকবে।
এমতাবস্থায়, ঈদের আগের ৩ দিন ও পরের ৩ দিন যাতে কোনো ট্রাক, কাভার্ডভ্যান ও লরি মহাসড়কে চলাচল না করে সে ব্যাপারে সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা না হয় সে ব্যাপারে কঠোর দৃষ্টি রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।












































