প্রচ্ছদ অপরাধ ও বিচার ছুরিবিদ্ধ অবস্থায় হাসপাতালে গেলেন ছাত্রদল নেতা

ছুরিবিদ্ধ অবস্থায় হাসপাতালে গেলেন ছাত্রদল নেতা

ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই নেতাকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৮ মে) রাতে সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বগৈড়র বল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- মহিপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আফতাহি হোসেন তাহি (২০) ও স্থানীয় ছাত্রদল নেতা মো. জাবেদ (২৩)। ছাত্রদল নেতা আফতাহি হোসেন ফেনী পৌরসভার রামপুর এলাকার নাসির উদ্দীনের ছেলে। অপরজন জাবেদ সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগৈড়র এলাকায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত বারোটার দিকে আফতাহি ও জাবেদকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। এ সময় পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় আফতাহিকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। আর আহত জাবেদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রোকন উদ দৌলা বলেন, পিঠে ছুরিবিদ্ধ আহত অবস্থায় আফতাহি হোসেন তাহি নামের এক যুবক রাতে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তিনি তখন অস্থিতিশীল অবস্থায় ছিলেন। পরে তাকে স্থিতিশীল করা হয়। হাসপাতাল থেকে তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রামে চিকিৎসাধীন মো. আফতাহি হোসেন তাহির সঙ্গে থাকা সদর উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত বলেন, ছাত্রদল নেতা আফতাহি ও জাবেদের ওপর হামলায় নেতৃত্ব দেন খুরশিদ ও মারুফ নামের দুই তরুণ। তারা একটি প্রভাবশালী চক্রের সঙ্গে জড়িত। ওই চক্র পাঁচগাছিয়া এলাকায় মাদক ও মাটি ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মাদক সেবন ও মাটি ব্যবসায় বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাহি ও তার সহযোগীদের ওপর ছুরি নিয়ে হামলা করে। হামলাকারীদের কোনো দলীয় রাজনৈতিক পরিচয় নেই।

এ বিষয়ে অভিযুক্ত খুরশিদ ও মারুফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে খুরশিদের বড় ভাই মো. হেলাল বলেন, ছাত্রদল নেতা তাহিসহ অন্যরা সোমবার রাতে আমাদের বাড়িতে হামলা করে। আত্মরক্ষার্থে খুরশিদ তাদের ওপরে পাল্টা হামলা করে।

মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান বলেন, পাঁছগাছিয়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আমাদের কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাহি হোসেন তাহি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যক্তিরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।