
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শেখ ফজলুল করীম মারূফের নাম ঘোষণা করা হয়।
ঢাকা উত্তরের মেয়র প্রার্থী প্রকৌশলী আতিকুর রহমান মোজাহিদের জন্ম ১৯৮৪ সালের ১৮ জুন। তার পিতা হাবিবুর রহমান এবং মাতা জীবন নেছা।
শিক্ষাজীবনে মুজাহিদ বিবিএস (অনার্স) ও এমবিএস (অ্যাকাউন্টিং) ডিগ্রি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনাল (এমসিপি) ও এমসিটিএস সনদ লাভ করেন। বর্তমানে তিনি টেকশোক ঢাকার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচিত পরিচালকও তিনি।
রাজনৈতিক জীবনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায়ে প্রচার সম্পাদক হিসেবে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়, শহর ও কেন্দ্রীয় পর্যায়ে টানা চার বছর দায়িত্ব পালন করেন। পরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে জয়েন্ট সেক্রেটারি হিসেবে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখেন।
বর্তমানে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফের জন্ম ১৯৯২ সালের ১ জানুয়ারি। তার পিতা শেখ মু. ফজলুল হক এবং মাতা হাজেরা বেগম।
শিক্ষাজীবনে তিনি হিফজুল কোরআন সম্পন্ন করার পর কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।












































