প্রচ্ছদ জাতীয় আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ৫ ছাত্রদল ও জামায়াত...

আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে গিয়ে মার খেয়ে হাসপাতালে ৫ ছাত্রদল ও জামায়াত নেতা

ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ধাওয়া করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্রদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এতে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের সুহিলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন ও জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম ও শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. রোকন উদ্দিন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন।

এ সময় পার্শ্ববর্তী বুধল ইউনিয়নের মালিহাতা শান্তিনগর এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই ৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে শুক্রবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহতদের দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে তারা। আমাদের নেতাকর্মীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির মিয়া, জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জয়নাল খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহের, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাঈদ হাসান সানি, স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক মো. সজিব, পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক আল মামুন প্রমুখ।