প্রচ্ছদ জাতীয় ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দিচ্ছে সরকার

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দিচ্ছে সরকার

সম্প্রতি কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মী হিরাকে চাকরি দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বিএনপির প্রবীণ নেতা মনিরুল হক চৌধুরী উর্মির বাসায় গিয়ে চাকরির জন্য আবেদন করিয়ে নিয়েচেন।

কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমি এখানে আসার সময় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এসেছি। তার নির্দেশ অনুযায়ী তোমাকে (উর্মী) দিয়ে এই আবেদনটি করালাম। তোমরা কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাবে। তখনই তোমার চাকরিতে যোগদানের ব্যাপারটাও চুড়ান্ত হবে।’

মনিরুল হক এমপি আরও বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি তোমাদের পাশে থাকবো। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কুমিল্লা ছেড়ে যেও না।’

দরিদ্র পরিবারের সন্তান ছিলেন বুলেট বৈরাগী। তার বাবা মা অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছিলেন। বুলেটও তার বাবা-মায়ের কষ্টের প্রতিদান দিয়েছিল ভালোভাবে পড়ালেখা শেষ করে ভাল একটা চাকরি পেয়ে। কিন্তু হি-স্র হায়েনাদের হাতে নির্মম ভাবে নিহত হন।

নিহত বুলেটের বাবা- মা বৃদ্ধ। ঘরে বুলেট বৈরাগীর শিশু সন্তান, বিধবা স্ত্রী। এমন পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আন্তরিক উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সূত্র: The Daily Campus