
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
তবে একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মের (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার অফিসগুলো খোলা থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভায় ঈদুল আজহার ছুটি নিয়ে এ সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ মে শনিবার ও ১৪ মে রবিবার অফিসগুলো খোলা থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ,পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিশেষ করে ‘২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা’—এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চাকরিজীবীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। ঈদের আগে পরিবার-পরিজনের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় রাজধানী ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন অনেকে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে। দীর্ঘ এ ছুটিকে ঘিরে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার প্রস্তুতিও জোরদার হতে শুরু করেছে।












































