
‘শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো বিফলে গেলে আমরা লাল কার্ড দেখাবো’—বলেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি আরও বলেন, ‘ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটি দেখতে হবে।’
আজ বুধবার (১৩ মে) রাজধানীতে এনসিপি আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকার থেকে অ্যাকশন প্ল্যান চাচ্ছি, যেখানে কৃষকের বাস্তুভিটা থেকে শুরু করে সবকিছুর নিরাপত্তা নিশ্চিত করা হবে। ইউনিয়নভিত্তিক গুদামঘর চালু করতে হবে।’
এনসিপির এ নেতা দাবি করেন, নির্বাচনের আগে এই সরকার ভারতের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, তাই এত বড় বড় ইস্যু গেলেও তাদের পক্ষ থেকে কোনো শক্ত প্রতিবাদ দেখা যায়নি।












































