প্রচ্ছদ আন্তর্জাতিক সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালেন বিজয়

সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালেন বিজয়

তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) সমালোচনার মুখে এক জ্যোতিষীকে ‘অফিসার অন স্পেশাল ডিউটি (পলিটিক্যাল)’ পদ থেকে সরিয়ে দিয়েছে।

রাধান পণ্ডিত ভেত্রিভেলকে দলীয় প্রধান ও মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের দপ্তরে বিশেষ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে এই নিয়োগ ঘিরে বিরোধী দল ও সমালোচকদের পাশাপাশি টিভিকের গুরুত্বপূর্ণ মিত্র বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) মধ্যেও অসন্তোষ তৈরি হয়।

ভিসিকে তাদের দুই আসনের সমর্থন দিয়ে বিজয় সরকারকে আস্থাভোটে সহায়তা করেছিল।

নিয়োগ প্রত্যাহারের আগে টিভিকে নেতা সি টি নির্মল কুমার সাংবাদিকদের বলেছিলেন, ভেত্রিভেল মূলত দলের মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল। তিনি দাবি করেন, ভেত্রিভেলের পেশা নিয়োগের ক্ষেত্রে বিবেচ্য ছিল না।

নির্মল কুমার বলেন, ‘তিনি আমাদের মিডিয়া পারসন, মিডিয়া মুখপাত্র। তিনি যেকোনো পেশা থেকে আসতে পারেন। তাকে মিডিয়া হ্যান্ডলার হিসেবেই নিয়োগ দেওয়া হয়েছিল।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভেত্রিভেল আগে থেকেই বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এমনকি তার পরামর্শেই অভিনেতা-রাজনীতিক বিজয় শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছিলেন বলেও দাবি করা হয়।

বুধবার (১৩ মে) সকালে নাটকীয় আস্থাভোটে জয় পাওয়ার পরপরই এই নিয়োগ নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। এরপরই টিভিকে সিদ্ধান্ত পরিবর্তন করে।