প্রচ্ছদ হেড লাইন পল্লী বিদ্যুতের ১৪ খুঁটি পড়ে গেল সড়কে, শিক্ষিকার মৃত্যু

পল্লী বিদ্যুতের ১৪ খুঁটি পড়ে গেল সড়কে, শিক্ষিকার মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে পড়ে সৃষ্ট দুর্ঘটনায় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৫ মে) বিকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম শিউলি বেগম (৪৫)। তিনি শিমুলিয়া এলাকার মৃত হাসেন সরকারের মেয়ে এবং দুই সন্তানের জননী। তিনি তুমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

আহতরা হলেন—বক্তারপুর এলাকার তন্ময় (১৬) ও তুমুলিয়া মিশন এলাকার পূজা রানী দেবনাথ (২০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।পুলিশ জানায়, বিকালে শিমুলিয়া এলাকায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশন-সংলগ্ন সিমেন্টের খুঁটি হঠাৎ ভেঙে সড়কের ওপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তারের টানে আরও অন্তত ১৩ থেকে ১৪টি খুঁটি একে একে পড়ে যায়।

এতে সড়কজুড়ে বিদ্যুতের তার ছড়িয়ে পড়ে এবং শর্ট সার্কিট হয়ে বিকট শব্দ হয়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় একটি অটোরিকশা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় খুঁটি ভেঙে তার ওপর পড়ে। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

 

দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অন্তত তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা ৭টার দিকে খুঁটি ও তার অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়।