প্রচ্ছদ জাতীয় বিশেষ অভিযান শুরু, যাদের দমন করা হবে

বিশেষ অভিযান শুরু, যাদের দমন করা হবে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেছেন, আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসী এখন না থাকলেও তাদের সহযোগী কিংবা নতুন করে অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এমন ব্যক্তিদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। কেউ মাথাচাড়া দিয়ে ওঠার আগেই তাদের দমন করা হবে।

আজ শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীতে ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএমপি কমিশনার জানান, কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন এই পুলিশ ক্যাম্প মূলত এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ক্যাম্পে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে ঢাকায় অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে।