
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে।
গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
নিখোঁজ দুই শিক্ষার্থীর বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক্যাম্পাসে গিয়েছিলেন। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, শিক্ষার্থী, নিখোঁজ শিক্ষার্থীদ্বয়ের বন্ধুদের এবং তদন্তকারী পুলিশের সঙ্গে কথা বলেছেন তিনি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল ট্যাম্পায় সর্বশেষ জামিল ও নাহিদাকে দেখা যায়। ওই দিন সকাল প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি শিক্ষার্থীদের আবাসন এলাকায় জামিলকে সর্বশেষ দেখা যায়।
একই দিন সকাল প্রায় ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে সর্বশেষ দেখা যায়। বর্তমানে নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় কাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে জামিল বিশ্ববিদ্যালয়টির ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছেন। অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত রয়েছেন।











































