প্রচ্ছদ জাতীয় সন্ধ্যা ৭টার মধ্যে দোকান শপিং মল বন্ধের নির্দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান শপিং মল বন্ধের নির্দেশ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাঙামাটি জেলায় সন্ধ্যা ৭টার মধ্যে সব মার্কেট, শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শহরজুড়ে মাইকিং করে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। এর আগে ১২ এপ্রিল জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জুডিশিয়াল) সৈয়দ আবু হুরাইরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে—সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের মার্কেট ও দোকান বন্ধ করতে হবে। পাশাপাশি Ministry of Commerce-এর নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের প্রদর্শনী, মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোকসজ্জা পরিহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এছাড়া, যেকোনো অননুমোদিত বা অবৈধ মেলা দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকরের পর শহরের রিজার্ভ বাজার, বনরুপা, ভেদাভেদী ও তবলছড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা সন্ধ্যার আগেই দোকানপাট বন্ধ করতে শুরু করেছেন।

তবে ব্যবসায়ীদের একটি অংশ এই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, সন্ধ্যা ৭টা খুবই কম সময় হওয়ায় ক্রেতা ও ব্যবসায়ী উভয়েরই অসুবিধা হচ্ছে। তাই বন্ধের সময়সীমা রাত ৮টা পর্যন্ত বাড়ানোর জন্য তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।