
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ১৯ জন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুরের খালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোহন শেখ একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদল নেতা আবু জাহিদ চৌধুীর গ্রুপের সঙ্গে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে ছিল। বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোহন শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি বলেন, ‘মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামে একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে।’
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’













































