প্রচ্ছদ জাতীয় ‘বাধ্য হয়েছি’—জ্বালানির দাম বাড়ানো নিয়ে মন্ত্রীর স্বীকারোক্তি

‘বাধ্য হয়েছি’—জ্বালানির দাম বাড়ানো নিয়ে মন্ত্রীর স্বীকারোক্তি

বিশ্ববাজারে দাম বাড়ায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘আমরা একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছি। সারা বিশ্ব নিজেদের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। এমন কি আমেরিকাও ৫ ডলার বাড়িয়েছে।’

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কথা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সেখারে (মধ্যপ্রাচ্য) যুদ্ধ শুরুর পর থেকে ইমপোর্ট করে আমরা যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দাম থেকে নিচে প্রাইজ অ্যাডজাস্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি। কারণ এটা বৈদেশিক মুদ্রায় কিনতে হয়।’

এক প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, ‘ভর্তুকি এখনো আছে। আপনি যদি সঠিক হিসাব জানতে চান, সেটা মন্ত্রণালয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধের মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রভাব পড়েছে। আমাদের ওপরেও সেই প্রভাব আছে।’