প্রচ্ছদ জাতীয় জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক বাজারের অস্থিরতা সত্ত্বেও দেশের অভ্যন্তরে আপাতত জ্বালানি তেলের দাম না বাড়ানোর আভাস দিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার সংকটকে শক্তিতে রূপান্তরের নীতি অনুসরণ করছে এবং তা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে নয়। আন্তর্জাতিক মহল থেকে ভর্তুকি কমিয়ে জ্বালানির দাম সমন্বয়ের চাপ থাকলেও কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করা, শিল্পকারখানা সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনই দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

উপদেষ্টা আরও বলেন, মাত্র ১২ দিনের মাথায় একদিকে যেমন ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকার পেয়েছে, অন্যদিকে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। জ্বালানির উচ্চমূল্য নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পমালিকদের মধ্যে উদ্বেগ ছড়ালেও সরকার তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্নআয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’-এর মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো সফলভাবে শুরু করা সম্ভব হয়েছে।

তিনি জানান, আসন্ন বাজেটে অর্থনীতির সংকট মোকাবিলায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে একটি সমন্বিত ও গণমুখী পরিকল্পনা নেওয়া হবে। এতে সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।