প্রচ্ছদ জাতীয় অপ্রতিমকে নিয়ে যে তথ্য দিলেন তার মা

অপ্রতিমকে নিয়ে যে তথ্য দিলেন তার মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম অভিযোগ করেছেন, তাঁর নিহত ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানালে এসব কথা বলেন ড. নাহিদা বেগম।

তিনি বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে তাঁর ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলছে। তাঁর ভাষ্য, ২০২৫ সালের শুরুতে তিনি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালন করার সময় অনেক মাদকসেবী ও মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। ওই ঘটনার কারণে তাঁর ছেলেকে টার্গেট করা হয়ে থাকলে তিনি তা মেনে নেবেন না।

ড. নাহিদা বলেন, ‘আমার কোনো দোষ থাকলে আমাকে শাস্তি দেওয়া হোক। মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে তার শাস্তি আমি পাব। আমার ছেলে কেন এর শাস্তি পাবে?’

তিনি আরও বলেন, তাঁর ছেলেকে মাদক কারবারিদের সঙ্গে জড়িত হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। অথচ অপ্রতিম এসব বিষয়ে কিছুই জানত না এবং সে নিষ্পাপ ও ছোট শিশু ছিল বলে দাবি করেন তিনি।

অপ্রতিমের মা বলেন, তিনি শুধু নিজের ছেলের হত্যার বিচার চান না, যারা তাঁর ছেলেকে হত্যা করেছে তারা ভবিষ্যতে কারাগার থেকে বের হয়ে অন্য শিশুদের জীবনও ধ্বংস করতে পারে—এ নিয়েও তিনি উদ্বিগ্ন। তাই তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ সময় কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু, সরকারি আইন কর্মকর্তা (জিপি) তারেক আবদুল্লাহ, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদ উল্লাহ, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার এবং সাবেক সভাপতি শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস