
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে তিনজনের কাউকেই ফোনে পাননি তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানান ডেপুটি স্পিকার। এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কালকে রাতে যখন দুঃখজনক ঘটনা ঘটে তখন রাত ১টা ২০ বা ২৫ মিনিট হবে। আমাদেরই একজন কলিগ কল দিলেন। সেই কল পেয়ে সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিলাম। উনাকে পেলাম না, আইনমন্ত্রীকে কল দিলাম। উনাকেও পেলাম না, তখন মধ্যরাত ২টা বাজে। জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দিলাম, উনাকেও পেলাম না।’
ডেপুটি স্পিকার বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও একটা ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’
নাহিদ ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, যে কারণেই সংসদে কথা বলার সুযোগ পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত চলছে। তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এরপর অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে হবে।
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘রিপোর্ট, জিডির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হবে, তদন্ত হবে, সেই মামলা পরিচালিত হবে। যদি মহান জাতীয় সংসদে কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, এখানে উপস্থাপনের জন্য, তখনই কেবল উপস্থাপন করা হবে।’
উল্লেখ্য, বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পেট্রোলবোমা হামলার অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
এদিকে সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদের জানিয়ে দিক।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে নাহিদ ইসলাম সংসদে এ কথা বলেন। তিনি বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট উল্লেখ করে সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’








































