প্রচ্ছদ জাতীয় হাসি-ঠাট্টা থেকে প্রেম, প্রতারণায় ভ’য়ংকর পরিণতি নিলয়-হিমির

হাসি-ঠাট্টা থেকে প্রেম, প্রতারণায় ভ’য়ংকর পরিণতি নিলয়-হিমির

ভালোবাসার শুরুটা হয় হাসি-ঠাট্টা আর খুনসুটির মধ্য দিয়ে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক গড়ায় গভীর আবেগে। কিন্তু প্রেমের আড়ালে লুকিয়ে থাকা প্রতারণা, ভুল বোঝাবুঝি ও অতিরিক্ত অধিকারবোধ একসময় ডেকে আনে ভয়াবহ পরিণতি।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অকারণ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।

প্রথম প্রেমের গল্পের পর এবার অ্যাকশনধর্মী চরিত্রে হাজির হয়েছেন নিলয়। তার সঙ্গে হিমির রসায়নও নাটকটির অন্যতম আকর্ষণ।

জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি আজ (১২ অক্টোবর) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় নাটকটির গল্প আবর্তিত হয়েছে মধ্যপাড়ার একটি কর্মচারী কলোনিকে ঘিরে। সেখানে নিলয় ও আতিয়ার সম্পর্কের শুরুটা মজার ছলে হলেও ধীরে ধীরে তা রূপ নেয় গভীর ভালোবাসায়। কিন্তু সম্পর্কের এই সমীকরণে একসময় জটিলতা তৈরি করে প্রতারণা, ভুল বোঝাবুঝি ও অধিকারবোধ। শেষ পর্যন্ত সেই সম্পর্কের পরিণতি হয়ে ওঠে মর্মান্তিক।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা জুবায়ের ইবনে বকর বলেন, ‘অকারণ’ নির্মাণের ক্ষেত্রে পরিচিত একটি পরিবেশের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরার চেষ্টা করেছি। ভালোবাসার গল্প হলেও এখানে শুধু রোমান্স নেই; আছে আবেগ, প্রতারণা, অ্যাকশন এবং কিছু ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি। দর্শক গল্পের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখতে পারবেন বলে আমার বিশ্বাস।

নিলয় আলমগীর বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি আগের অনেক কাজের চেয়ে আলাদা। গল্পের মধ্যে অ্যাকশন যেমন আছে, তেমনি রয়েছে আবেগ ও সম্পর্কের নানা টানাপোড়েন। চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

হিমি বলেন, ‘নিলয় ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো। এই নাটকের গল্পে সম্পর্কের নানা দিক উঠে এসেছে। আমার চরিত্রেও আবেগের ভিন্নতা রয়েছে। দর্শক নাটকটি দেখলে গল্পের শেষ পর্যন্ত একটি টান অনুভব করবেন বলে আশা করছি।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, রকি খানসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন নাঈম ফুয়াদ। সম্পাদনা ও কালারের দায়িত্বে রয়েছেন রনি সিকদার জেতু। নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হুদা শাপলা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উদয় চৌধুরী।

ভালোবাসা, প্রতারণা ও অ্যাকশনের মিশেলে নির্মিত ‘অকারণ’ এখন দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।