প্রচ্ছদ জাতীয় আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে ফাঁদে আটকা পড়েছে বগা

আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে ফাঁদে আটকা পড়েছে বগা

চট্টগ্রামের কিশোর গ্যাং লিডার থেকে শীর্ষ সন্ত্রাসী বনে যাওয়া ওয়াকিল হোসেন বগা পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালতে আত্মসমর্পণ করতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

​আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

​সিএমপি উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী বলেন, ‘একটি চাঁদাবাজি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বগা। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।’

​আসামিপক্ষের আইনজীবী এস এম মনিরুল ইসলাম বলেন, খুলশী থানার চাঁদাবাজি ও অস্ত্র মামলায় ওয়াকিল হোসেন বগা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন। তবে চাঁদাবাজির মামলায় জামিন না দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

​ওয়াকিল নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য গত ৮ জুন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ওয়াকিলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

​গত ৬ অক্টোবর নগরের টাইগারপাস এলাকার নগর ভবনে ওয়াকিলের উপস্থিতির খবর পেয়ে সেখানে তাঁকে ধরতে যান পুলিশ। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরদিন সাংবাদিকদের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, ওয়াকিল নগর ভবনে ছিলেন না। ওয়াকিলের দুই ভাই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওয়াকিলকে সন্ত্রাসী নয়, জুলাই যোদ্ধা বলে দাবি করেন মেয়র। এ সময় তিনি খুলশী থানার ওসি আবদুর রহিমের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। ওই দিনই আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর পুলিশের সিটিএসবিতে বদলি করা হয়। এর পরের দিন চট্টগ্রাম থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়।