
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাবেক সরকারপ্রধান হিসেবে প্রটোকলের পাশাপাশি তাঁর জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য জানান।
গত সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছার পর নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ ওঠে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। পাশাপাশি নিউইয়র্ক সিটির পুলিশ ও জেএফকে বিমানবন্দরের পোর্ট অথরিটির কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, ড. ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি আগে থেকে জানানো হয়নি। বিষয়টি জানার পর তাঁর নিরাপত্তা ও প্রটোকলের ব্যবস্থা করা হয়। বর্তমানে তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
তিনি জানান, ড. ইউনূস বর্তমানে নিউইয়র্কের বাইরে অন্য একটি অঙ্গরাজ্যে অবস্থান করছেন।








































