প্রচ্ছদ জাতীয় এনসিপির কার্যালয়ে আগুন

এনসিপির কার্যালয়ে আগুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) বগুড়া জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠসংলগ্ন এনসিপির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক কার্যালয়ে তেল বা পেট্রোল জাতীয় কিছু ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং অপর একজন পুরো দৃশ্যটি মুঠোফোনে ধারণ করছেন। রাতের অন্ধকারে তাদের চেহারা স্পষ্ট বোঝা যায়নি।

ছেলেকে খুঁজে পেলে শিক্ষকের পা ধরে ক্ষমা চাওয়াতে চান বাবা
বগুড়া জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দিবাগত রাত ১টা থেকে দেড়টার দিকে দুর্বৃত্তরা অত্যন্ত ন্যক্কারজনকভাবে এ ঘটনা ঘটিয়েছে। আমরা সকালে এসে বিষয়টি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করেছি। পুলিশ প্রশাসন বিষয়টি দেখছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে যোগাযোগ করা হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বিদ্যমান। তারাই এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এছাড়া অভ্যুত্থান থেকে গড়ে ওঠা এই দলকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। তবে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে কারও নাম বলা মুশকিল। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।