প্রচ্ছদ জাতীয় এনসিপির নেতৃত্বে রদবদল, নতুন পদে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী

এনসিপির নেতৃত্বে রদবদল, নতুন পদে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী

চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এতে দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের দায়িত্ব বহাল থাকছে। তবে শীর্ষ পর্যায়ে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলের রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার স্টার নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাংগঠনিক কাঠামো নতুন করে সাজিয়ে দলকে ঢেলে সাজানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে পরিবর্তনগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমানে হাসনাত দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করার পরিকল্পনা রয়েছে। একই পদে আসতে পারেন দলের বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।

এ ছাড়া এনসিপির সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব সারজিস আলমের হাতে দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে তাকে সহযোগিতা করবেন রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।

কমিটির সম্ভাব্য পরিবর্তন নিয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।