প্রচ্ছদ জাতীয় এনসিপির কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তনের হাওয়া, গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন পাটওয়ারী

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তনের হাওয়া, গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দলের শীর্ষ পর্যায়ের কয়েকটি পদে পরিবর্তনের পাশাপাশি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে। পুনর্গঠিত কমিটিতে দুটি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও দুটি জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদ রাখা হচ্ছে।

নতুন বিন্যাসে দলের বর্তমান প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমও পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ।

এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক যুগ্ম আহ্বায়ক বলেন, আমাদের বেশ কয়েকটি পদ পরিবর্তন করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুটি ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব দুটি পদ তৈরি করা হয়েছে। আর অনেকগুলো উপ কমিটির প্রধান ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর সভায় মুখ্য সমন্বয়ক, মুখপাত্র এবং দক্ষিণ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে দলের আহ্বায়ক ও সদস্যসচিব পদে পরিবর্তন আসছে না।

দলীয় সূত্র জানায়, পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে।

সূত্র জানায়, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেলে সারজিস আলম দলের সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করবেন। আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ সহপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কর্মসূচিতে দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।

গত রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত সভায় আরও জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট