
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেকে ছাত্রনেতা, দক্ষিণ আফ্রিকা বিএনপি নেতা ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস দক্ষিণ আফ্রিকার আহবায়ক মনছুরুল হক সুমন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এক বিজ্ঞপ্তিতে প্রার্থিতা ঘোষণা করেন।
মনছুরুল হক সুমন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করে আসছেন। ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশীদার হওয়া এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
মনছুরুল হক সুমন বলেন, লক্ষ্মীপাশা ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, তরুণদের কর্মসংস্থান ও ক্রীড়া কার্যক্রমে সুযোগ সৃষ্টি, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে তার।
মনছুরুল হক সুমন আরও বলেন, “আমি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে লক্ষ্মীপাশা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
স্থানীয়দের মতে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপাশা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। মনছুরুল হক সুমনের প্রার্থিতা ঘোষণায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। এলাকায় সমাজসেবক হিসেবে তিনি ব্যাপক সমাদৃত রয়েছেন।










































