প্রচ্ছদ জাতীয় পৌনে ৩ কোটি টাকা ঘুষ’ নেওয়ার অভিযোগে আসিফের স্ট্যাটাস

পৌনে ৩ কোটি টাকা ঘুষ’ নেওয়ার অভিযোগে আসিফের স্ট্যাটাস

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলমসহ চারজনের বিরুদ্ধে বদলি বাণিজ্য ও পদায়নের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রেক্ষাপটে অভিযোগের ‘প্রমাণ’ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। এ বিষয়ে বুধবার রাতে বিস্তারিত কথা বলবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে নেওয়া হয়েছে বলে দুদক জানিয়েছে। এ ঘটনায় একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব ও একজন উপসচিবসহ আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ রয়েছে। দুদক যখন প্রমাণ পাওয়ার কথা বলছে, তখন সেই প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম জানান, বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পদায়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

অভিযোগে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের সঙ্গে যোগসাজশে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন।

অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য চার সদস্যের একটি দল গঠন করেছে দুদক। দলের প্রধান করা হয়েছে সংস্থাটির উপপরিচালক জাহিদ কালামকে।

তবে এসব অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদের বক্তব্য হলো, দুদক যেহেতু প্রাথমিকভাবে ‘প্রমাণ’ পাওয়ার কথা জানিয়েছে, তাই তা জনগণের সামনে প্রকাশ করা উচিত।