
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার দেশে ফেরার বিষয়ে সম্মতি দেওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও শেষ হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসায় তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে দেশে ফিরলেও চিকিৎসা পুরোপুরি শেষ হচ্ছে না। নিয়মিত ফিজিওথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হবে তাকে।
গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নেওয়া হয় মালয়েশিয়ায়।
বিদেশে চিকিৎসাধীন থাকায় কয়েক মাস ধরে দলীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না মির্জা আব্বাস। দেশে ফেরার পর শারীরিক সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের নেতারা।
মির্জা আব্বাস ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।









































