
সিলেটে দীর্ঘ প্রায় ৮ বছর বিরতির পর বিদেশি এয়ারলাইন্স সালামএয়ারের প্রথম ফ্লাইট অবতরণ করেছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করে।
এ উপলক্ষে ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে ফ্লাইটটিকে বরণ করে নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সালামএয়ারের বিমানটি সিলেট থেকে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়,পূণ্য ভূমি সিলেটের মাটিতে ওসমানী বিমানবন্দর থেকে বর্তমানে শুধুমাত্র রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন ও ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট চালু রয়েছে।
সালাম এয়ারের ফ্লাইট চালু হওয়ার মধ্য দিয়ে সিলেট থেকে একমাত্র বিদেশী এয়ারলাইন্স হিসেবে তারাই ফ্লাইট পরিচালনা করছে।
ফলে কিছুটা হলেও আর্ন্তজাতিক বিমানবন্দরের আক্ষেপ ঘোচাবে ওসমানী বিমানবন্দর।
ওমান প্রবাসী আব্দুল ওয়াহাব জানান, সিলেট থেকে ওমান নতুন এই রুটে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য সিলেটে যাতায়াত খুবই সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। পাশাপাশি ট্রানজিটের ঝামেলা কমে এসেছে এবং ভ্রমণের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হয়েছে।এতে ওমান প্রবাসীরা ভীষণ আনন্দিত।








































