
নিতাই রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে যুবদলের এই নেতা বলেন, ‘আমি কয়েক দিন ধরে দেখছি, উনি শুধু মেয়েদের হাত টানাটানিতে ব্যস্ত থাকেন। ওনার কাছে কোনও মেয়েরা গেলে, সব লোকজনকে বের করে দিয়ে উনি পাঁচ-সাত ঘণ্টা মেয়েদের সঙ্গে আলাপ করেন।’
মাগুরা-২ আসনে বিএনপির দুই পক্ষের বিরোধ নিয়ে সমঝোতার জন্য সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বসতে চান না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিতাই রায়ের সঙ্গে সমঝোতার বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘না, আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না। বসতে চাই না এই কারণে, আমি তো সরকারের কোনও পার্ট না। আমি কেন বসবো? নিতাই রায় বসবে জনগণের সঙ্গে। তার লোকজন জনগণের টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তিনি জনগণের কাছে দায়বদ্ধ। তিনি জনগণের সঙ্গে বসবেন।’
নয়ন বলেন, ‘আমি সাধারণ মানুষের আশা পূরণে কাজ করে যাচ্ছি। উনি আসেন, বাড়িতে ওঠেন, আর সার্কিট হাউসে ওঠেন।’
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, মাগুরা-২ আসনে বিএনপির রাজনীতিতে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। উপজেলা বিএনপির একটি অংশ নিতাই রায় চৌধুরীর অনুসারী এবং অপর অংশ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম নয়নের অনুসারী।
২৪ আগস্ট মহম্মদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহম্মদপুর থানায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন করা হয়।
পরে জেলা বিএনপির আশ্বাসে উভয় পক্ষের নেতাকর্মীরা তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন।









































