
‘নতুন আব্বু’ মন্তব্যের সেই আশিককেই বড় দায়িত্ব, অবস্থান পরিষ্কার করলেন মানসুরা
ব্যবসা ও বিনিয়োগসংশ্লিষ্ট তিন কর্তৃপক্ষ একীভূত করে গঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের’ চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে (আশিক চৌধুরী) নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রতিমন্ত্রীর মর্যাদাও দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। সে সময় আশিক চৌধুরীকে নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের বিএনপি সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।
আশিক চৌধুরীর নিয়োগের পর বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরও তাকে নিয়ে সমালোচনা করতে দেখা যায়। তবে এবার নির্বাচিত বিএনপি সরকারই তাকে আরও বড় দায়িত্ব দেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে মানসুরা আলমের সেই পুরোনো মন্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০২৫ সালের ৯ এপ্রিল আশিক চৌধুরীর একটি প্রেজেন্টেশনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রশংসা শুরু হয়। ওই সময় নিজের ফেসবুক টাইমলাইনে মানসুরা আলম লিখেছিলেন, ‘শুনলাম, নেটিজেন পাড়ায় নাকি নতুন আব্বু এসেছে। কী জানি, এক প্রেজেন্টেশনের ভিডিও দেখছি সকাল থেকে। সবাই আব্বু আব্বু ডাকছে।’
পোস্টটি নিয়ে সমালোচনার মুখে পরে দুঃখ প্রকাশ করেন মানসুরা। তিনি জানান, আশিক চৌধুরীকে অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে কাজের চেয়ে বেশি কিছু হিসেবে উপস্থাপন করার প্রবণতার সমালোচনা করতেই তিনি ওই মন্তব্য করেছিলেন।
সম্প্রতি আশিক চৌধুরীকে নতুন দায়িত্ব দেওয়ার পর নিজের আগের অবস্থানও ব্যাখ্যা করেছেন মানসুরা আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্যাটেলাইটভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজ আয়োজিত ‘সার সংকট: সিন্ডিকেট ও ষড়যন্ত্র তত্ত্ব’ শীর্ষক টকশোতে অংশ নেন তিনি। সেখানে আশিক চৌধুরীকে নিয়ে তার পুরোনো মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে মানসুরা বলেন, ‘আশিক চৌধুরী তার দক্ষতা লাস্ট টু ইয়ার্স (গত দুই বছর ধরে) দেখাচ্ছেন। প্রথম দিকে দেখাতে পারেননি। আস্তে আস্তে দেখাচ্ছেন। এখন তাকে আরও বড় দায়িত্ব দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, বিএনপি কাউকে দায়িত্ব দিলে তাকে কাজ করার সুযোগ দেয় এবং তার দক্ষতা মূল্যায়ন করে। তার ভাষ্য অনুযায়ী, আশিক চৌধুরীও গত দুই বছরে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছেন। সেই কারণেই তাকে আরও বড় দায়িত্ব দেওয়া হয়েছে।
মানসুরা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন নিয়োগ নিয়ে বিএনপির রাজনৈতিক অবস্থান থাকলেও পরবর্তীতে কেউ নিজের দক্ষতা প্রমাণ করলে সেই অবস্থান পরিবর্তন করা হতে পারে।
এদিকে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে। গত ২০ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।
নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমে দেশে বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার কথা রয়েছে। আর এর চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীর নিয়োগের পরই তার পুরোনো সমালোচনা ও মানসুরা আলমের মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।











































