
কওমি ধারার সাত ইসলামি দলের ঐক্যপ্রক্রিয়ার লক্ষ্যে দলগুলোর দেওয়া প্রস্তাব ও ফর্মূলা নিয়ে হেফাজতে ইসলামের উদ্যোগে গঠিত সাব কমিটির বৈঠক হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
হেফাজতের কেন্দ্রীয় পর্যায়ের এক প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। কালবেলার সঙ্গে আলাপকালে তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন।
হেফাজতের কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সাত দলের পক্ষ থেকে ঐক্যের বিষয়ে যেসব প্রস্তাব ও ফর্মূলা দেওয়া হয়েছে, বৈঠকে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সাব কমিটি শিগগিরই আবার বৈঠকে বসবে। ওই বৈঠকে আলোচনার ভিত্তিতে একটি নতুন রূপরেখা তৈরি করা হবে। পরে সাত দলের নেতাদের ডাকা হবে।’
বৈঠকে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ছাড়াও সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলীল আহমদ কাসেমি, সাব কমিটির আহ্বায়ক মুফতি জসিম উদ্দীন, মুফতি বশিরুল্লাহ ও মাওলানা আইয়ূব বাবুনগরী উপস্থিত ছিলেন।
তবে সাব কমিটির অন্যতম দায়িত্বশীল আল্লামা আব্দুল হামিদ মধুপুরী ও মুফতি সালাহ উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন না।
সাব কমিটির পরবর্তী বৈঠকের তারিখ জানতে চাইলে হেফাজতের ওই প্রভাবশালী নেতা জানান, পরবর্তী বৈঠকের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে শিগগিরই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে হাটহাজারী মাদ্রাসার কথাই বেশি আলোচনায় রয়েছে।
সাত ইসলামি দলের ঐক্যপ্রক্রিয়া নিয়ে এর আগে হেফাজতের উদ্যোগে একটি সাব কমিটি গঠন করা হয়। ঐক্যের কাঠামো, রাজনৈতিক কর্মসূচি ও পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে মতবিনিময় চলছে। এরই ধারাবাহিকতায় সাত দলের পক্ষ থেকে পৃথক প্রস্তাব ও ফর্মূলা দেওয়া হয়। সেসব প্রস্তাব পর্যালোচনা করেই এবার নিজেদের একটি রূপরেখা তৈরির উদ্যোগ নিল সাব কমিটি।
তবে এই রূপরেখা তৈরির পর সাত দলের মধ্যে ঐক্য চূড়ান্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।
সূত্র : কালবেলা













































