প্রচ্ছদ জাতীয় নতুন দায়িত্ব পেলেন বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নতুন দায়িত্ব পেলেন বাণিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

চা শিল্পের উন্নয়নে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সভাপতি করে ১২ সদস্যের পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রীকে নবগঠিত এই কমিটির সভাপতি করার পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে কমিটির সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া কমিটির সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজীকরণের নিমিত্ত চা বাগান মালিকদের ক্ল্যাসিফাইড লোনকে পুনঃনির্ধারণ এবং নতুন করে ঋণ প্রদানের বিষয়ে সুপারিশ প্রদান করবে। পাশাপাশি চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেবে। সেই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে চা-কে কৃষি পণ্য হিসেবে ঘোষণা এবং চা বাগানের অব্যবহৃত জায়গায় বাণিজ্যিকভাবে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামতসহ প্রতিবেদন উপস্থাপন করবে।

এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কমিটির সভা প্রয়োজনুসারে অনুষ্ঠিত হবে। এ ছাড়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সূত্র : চ্যানেল 24