
কুষ্টিয়া কোর্ট স্টেশনে দুটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে মধ্যরাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাগ দুটিতে বোমা বা বিস্ফোরক থাকতে পারে, এমন সন্দেহে পুলিশ সেগুলো উদ্ধার করে পরীক্ষা করে। পরে ব্যাগের ভেতর থেকে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি; মিলেছে কয়েকটি ইটের টুকরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের নকশিকাঁথা কাউন্টারের পাশে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগ দুটির আকৃতি ও অবস্থান দেখে এগুলোতে বোমা থাকতে পারে এমন সন্দেহ তৈরি হয়। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে সতর্কতামূলকভাবে পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রাখে। এ সময় স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে প্রায় আড়াই ঘণ্টা পর পোড়াদহ রেলওয়ে থানার ওসি হোসাইন ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের উপস্থিতিতে তিনি ব্যাগ দুটি খুলে পরীক্ষা করেন। এ সময় ব্যাগের ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক জাতীয় বস্তু পাওয়া যায়নি। সেখানে কয়েকটি ইটের টুকরা পাওয়া যায়।
এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হোসাইন বলেন, ব্যাগ দুটি দেখে স্থানীয়দের মধ্যে বোমা থাকার আশঙ্কা তৈরি হয়েছিল। পরে ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে বোমা জাতীয় কিছু নেই, কয়েকটি ইটের টুকরা রয়েছে।
অন্যদিকে, বোমা সদৃশ ব্যাগ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাতেই কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়। তবে ব্যাগের ভেতরে বিস্ফোরক না থাকায় পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।










































