
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে শনিবার (১৫ আগস্ট) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন শহর ও শহরতলীর সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের অবহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রচারের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিডিবির আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। এ কাজ নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
পিডিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহর ও আশপাশের এলাকায় সংস্থাটির প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছেন। এর মধ্যে আবাসিক গ্রাহক ২৬ হাজার ২৮৩ জন এবং বাণিজ্যিক গ্রাহক ৪ হাজার ২৮৯ জন। এ ছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পের ২৬২ জন এবং মসজিদ, মন্দির, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনাবাসিক গ্রাহক রয়েছেন ২৯৭টি। কৃষিসহ অন্যান্য শ্রেণির গ্রাহকও রয়েছেন।
পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ জানান, সাবস্টেশনের ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামতের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তিনি বলেন, মেরামতকাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার সৃষ্টি হবে। এ জন্য পিডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৪টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।










































