
২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এ দিন বাংলাদেশে সাধারণ ছুটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৪ আগস্ট (শুক্রবার) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আর ১৫ আগস্ট (শনিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা শুরু হবে। ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে উদযাপিত হয়।
ধর্মবিষয়ক সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের সব কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে রাতে ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদের (সা.) জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানেরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। সৌদি আরবের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি মারা যান।
ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ আগস্ট সারা দেশে সরকারি সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিন।
তবে এই ছুটি সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সমানভাবে প্রযোজ্য হচ্ছে না। জরুরি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সেদিনও দায়িত্ব পালন করতে হবে।
মূলত স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহণ, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর দিনটি বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে অনেক সরকারি চাকরিজীবীর টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হতে পারে।
বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো নিজস্ব নীতিমালা অনুযায়ী ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।












































