
রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে জামায়াত জোটের সমালোচনার জবাব দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সচিবালয়ে স্থায়ী কমিটির বৈঠক প্রসঙ্গে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সচিবালয়ে কোনো দলীয় মিটিং হয়নি, নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। এ ধরনের আলোচনা বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে। দলীয় সিদ্ধান্ত আগেই নেওয়া ছিল এবং দলের চেয়ারম্যান তা আগেই ঘোষণা করেন।
এ সময় রুহুল কবির রিজভীও বিষয়টি স্পষ্ট করে বলেন, এটি স্থায়ী কমিটির কোনো আনুষ্ঠানিক মিটিং ছিল না।
বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ নির্বাচনকে ‘নিয়ম রক্ষার নির্বাচন’ বলার সুযোগ নেই।
গণভোট বা সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের দাবির সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সরাসরি সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো বিরোধ নেই। বিরোধী দল নির্বাচন বয়কট না করে এতে অংশগ্রহণ করছে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। এটি সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সমন্বয়ে যথাযথ নিয়ম মেনেই অনুষ্ঠিত হচ্ছে।
সংবিধান সংস্কারের বিষয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, দক্ষিণ প্লাজায় সই করা ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন- জুলাই সনদের প্রতিটি বিষয় আমরা বাস্তবায়ন করব। তবে সংবিধান একদিনে পরিবর্তন হয় না। বিরোধী দলসহ সবার মতামত নিয়েই আমরা প্রয়োজনীয় সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই।












































