প্রচ্ছদ জাতীয় হাদি হত্যার আসামিদের নিয়ে নতুন বার্তা দিল ভারত

হাদি হত্যার আসামিদের নিয়ে নতুন বার্তা দিল ভারত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে নতুন বার্তা দিয়েছে ভারত। পাশাপাশি দেশটিতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধের আপডেট জানিয়েছে দিল্লি।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত কার্যপ্রণালি অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপনের এক দিন পর ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফর ও আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার আমন্ত্রণের বিষয়টিও তুলে ধরেন জয়সওয়াল।

তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।