
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টার কোলাঘাটে জরুরি অবতরণ করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রশাসন সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, এ ঘটনায় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহতও হননি। প্রতিকূল আবহাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেলিকপ্টারটি কোলাঘাটে অবতরণ করানো হয়।
দমদম থেকে হেলিকপ্টারে কেশপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন শুভেন্দু। কোলাঘাটে অবতরণের পর তিনি সড়কপথে কেশপুরের অনুষ্ঠানে পৌঁছান। এতে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরি হয়।
কেশপুরে পৌঁছে মঞ্চ থেকে হেলিকপ্টারের জরুরি অবতরণের বিষয়টি তুলে ধরে শুভেন্দু বলেন, প্রচণ্ড দুর্যোগের কারণে কোলাঘাটে অবতরণ করতে হয়েছে। তবে আমাকে কেশপুরে আসতেই হতো। এ কারণে কিছুটা দেরিতে অনুষ্ঠানে পৌঁছেছি।
এদিকে কেশপুরের মঞ্চ থেকে পুরোনো একটি মামলার প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। তিনি বলেন, ২০২৪ সালে কেশপুরে তাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। এ বিষয়ে পুলিশ সুপারকে মামলাটি আবার শুরু করার আহ্বান জানান তিনি। ঘটনায় জড়িতদের জেলে দেখতে চান বলেও মন্তব্য করেন।
শুভেন্দু আরও বলেন, ‘মোদি জিন্দাবাদ’ বলায় অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এ ধরনের মামলা প্রত্যাহারের জন্যও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় মোহবনী উন্নয়ন পর্ষদের জন্য প্রাথমিকভাবে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মোহবনী উন্নয়ন পর্ষদ গঠিত হলেও এখনো তেমন কোনো কাজ হয়নি। সবকিছু গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে।
সূত্র : এবিপি আনন্দ












































