প্রচ্ছদ জাতীয় মন্ত্রিপরিষদে রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিপরিষদে রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিপরিষদে রদবদল সরকারের ১৮০ দিন বয়সের পর হবে—সরকারের পক্ষ থেকে এভাবে কিছু বলা বা ইঙ্গিত করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রিপরিষদে রদবদল নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই মন্ত্রী এবং মন্ত্রণালয়ের পারফরমেন্স মূল্যায়ন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রয়োজনে পুনর্বণ্টন হতে পারে। এই মূল্যায়ন সার্বক্ষণিক চলবে।

বর্তমান সরকারের ছয় মাস বা ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারেন।

তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। বিচারিক প্রক্রিয়ায় তার যেসব অধিকার রয়েছে, সেগুলো তিনি ভোগ করবেন।

এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে, যোগ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে এক দিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ধীরে ধীরে দেশের সব জায়গায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকা জাদুঘরগুলোতেও একই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পনার কথা তুলে ধরেন।